পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের সংসদ সদস্য ও গণঅধিকার পরিষদ-এর সভাপতি নুরুল হক নুর নেতা-কর্মীদের শান্ত ও সংযত থাকার আহ্বান জানিয়েছেন। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ আহ্বান জানান।
স্ট্যাটাসে নুর বলেন, একজন মজলুম মানুষ হিসেবে তিনি সবসময় প্রতিশোধ-প্রতিহিংসা, হানাহানি-মারামারি ও বিদ্বেষের রাজনীতিকে ঘৃণা করেন। গলাচিপা-দশমিনায় ট্রাক প্রতীকের সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের পাশাপাশি বিএনপি এবং গণঅধিকার পরিষদের নেতা-কর্মীদের প্রতি তিনি জোরালো অনুরোধ জানান- কেউ যেন কোনো উস্কানিতে পা দিয়ে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি না করেন।
তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে সর্বোচ্চ ধৈর্য ও সংযম প্রদর্শন করাই সবার দায়িত্ব। শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে জনগণের প্রত্যাশা পূরণে কাজ করার আহ্বান জানান তিনি। নুর তার বক্তব্যে উল্লেখ করেন, এখন সবার একটাই লক্ষ্য হওয়া উচিত- দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন করা এবং “ঐক্য, সম্প্রীতি-সমৃদ্ধির নতুন গলাচিপা-দশমিনা” গড়ে তোলা।
সবশেষে মহান আল্লাহর কাছে সহায়তা কামনা করে এলাকার সার্বিক শান্তি ও উন্নয়নে সবার সহযোগিতা প্রত্যাশা করেন তিনি।
