গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপা উপজেলার চর কাজল ইউনিয়নে সিগারেট খেতে নিষেধ করাকে কেন্দ্র করে তিন শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে। আহতরা বর্তমানে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় ভুক্তভোগীর মামা শরিফুল ইসলাম গলাচিপা থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছেন। মামলা সূত্রে জানা যায়, গত শনিবার (৭ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে চর কাজল ইউনিয়নের ছোট শিবা সোমবাড়িয়া বাজারে সাইফুল ইসলামের কীটনাশকের দোকানে এ ঘটনা ঘটে।
এ সময় দোকানে থাকা তিন শিক্ষার্থী—তানভীর হোসেন (১৭), সাব্বির হোসেন (১৯) ও ইশতিয়াক (১৭)-এর ওপর মাহিন, মফিজুল ও মরসালিনসহ কয়েকজন অতর্কিত হামলা চালায়।
আহত তানভীর হোসেন বরিশাল সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী। সাব্বির হোসেন কাজী বাউফল পলিটেকনিক ইনস্টিটিউটের সার্ভে বিভাগের ষষ্ঠ সেমিস্টারের ছাত্র এবং ইশতিয়াক চর শিবা টেকনিক্যাল কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী। ভুক্তভোগীদের দাবি, ঘটনার একদিন আগে বাজারে মাহিনদের সিগারেট খেতে নিষেধ করাকে কেন্দ্র করে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে বিষয়টি মীমাংসার কথা থাকলেও তা আর হয়নি।
এর জেরে শনিবার রাতে বাজারে অবস্থানকালে অভিযুক্তরা তাদের ওপর হামলা চালায়। এ সময় দোকান ভাঙচুর ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগও রয়েছে। ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তানভীরের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
অভিযোগের বিষয়ে অভিযুক্ত মাহিনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি। গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান বলেন, মারধরের ঘটনায় একটি মামলা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
