আরিফ তৌহীদ : পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি: বরগুনার পাথরঘাটা পৌরসভায় বর্জ্য দূষণ রোধ, পরিবেশ সুরক্ষা এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক ব্যতিক্রমী সচেতনতামূলক আন্দোলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে পৌরসভার কাঁচাবাজার এলাকায় অর্ধ-দিবসব্যাপী এ কর্মসূচি পালিত হয়, যা স্থানীয়ভাবে ব্যাপক সাড়া ফেলে। অ্যাক্টিভিস্টা বরগুনার আয়োজনে এবং নজরুল স্মৃতি সংসদ (এনএসএস) ও অ্যাকশনএইড বাংলাদেশের সহযোগিতায় আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, তরুণ সমাজ, পরিবেশকর্মী, জনপ্রতিনিধি এবং পৌরসভার কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
কর্মসূচির অংশ হিসেবে শহরের এক দিনের সংগৃহীত বর্জ্য একত্রে স্তুপ করে জনসম্মুখে প্রদর্শন করা হয়, যাতে বর্জ্য দূষণের ভয়াবহতা ও এর স্বাস্থ্যঝুঁকি দৃশ্যমানভাবে তুলে ধরা যায়। পরে অংশগ্রহণকারীরা নীরবতা কর্মসূচি পালন করে পরিবেশ রক্ষায় প্রতীকী প্রতিবাদ জানান। এ সময় উপস্থিত ছিলেন পাথরঘাটা পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. মজিবুল হায়দার, সহকারী প্রকৌশলী মনিরুল ইসলাম, পরিবেশ কর্মী ও উপকূলীয় অনুসন্ধানী সাংবাদিক শফিকুল ইসলাম খোকন, পাথরঘাটা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আরিফ তৌহীদ,সমাজকর্মী এরফান আহমেদ সোয়েন, মানবিক কর্মী মেহেদি হাসান, গণমাধ্যমকর্মী জিয়াউর রহমান ফাহিম,এনএসএস-এর এফআরটি প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মো. মনিরুজ্জামান, অ্যাকশনএইড বাংলাদেশের ইন্সপিরেটর মো. রোকনুজ্জামান, প্রোগ্রাম অফিসার মরিয়ম আক্তার তন্নী, পাথরঘাটা ইয়ুথ হাবের সভাপতি জাকির হোসেন নাইম ও সাধারণ সম্পাদক মো. সালমানসহ অনেকে। বক্তারা বলেন, পাথরঘটা পৌরসভায় ক্রমবর্ধমান বর্জ্য দূষণ জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে।
পরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা ছাড়া এই সংকট মোকাবিলা সম্ভব নয়। তাই দ্রুত একটি আধুনিক ডাম্পিং স্টেশন স্থাপন এবং কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিতের দাবি জানান তারা। পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. মজিবুল হায়দার বলেন, “জনগুরুত্বপূর্ণ এই বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ডাম্পিং স্টেশনের জন্য জমি অধিগ্রহণের কার্যক্রম অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত শুরু করা হবে। পাশাপাশি প্রতিদিনের বর্জ্য অপসারণ ও মনিটরিং জোরদারে নির্দেশনা দেওয়া হয়েছে।” পরিবেশ কর্মী শফিকুল ইসলাম খোকন বলেন, “পরিবেশ দূষণ রোধে জনসচেতনতা তৈরির কোনো বিকল্প নেই। এখনই কার্যকর উদ্যোগ না নিলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করা কঠিন হয়ে পড়বে।”
পাথরঘাটা উপজেলা প্রেক্লাবের সাধারণ সম্পাদক আরিফ তৌহীদ বলেন, পাথরঘাটা একটি ছোট্ট শহর হলেও এখানে জনসংখ্যা অনেক বেশি তাই পরিবেশ দূষণ ও তুলনা মূলক বেশি।তাই, পরিবেশ দূষণ রক্ষার্থে আমাদের সকলের সচেতন হওয়া একান্ত জরুরি। পরিবেশ দূষণ রোধে এন এস এস এর এমন কার্যক্রমকে সাদুবাদ জানাই। আন্দোলন শেষে ‘নো পলিথিন ডে’ কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন মুদি দোকান, ফার্মেসি, হোটেল ও ফলের দোকানে পরিবেশবান্ধব কাগজের ব্যাগ ও নেট বিতরণ করা হয়। আয়োজকদের মতে, একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক কমাতে এ উদ্যোগ জনমনে ইতিবাচক প্রভাব ফেলবে। স্থানীয় সচেতন মহল মনে করছে, এ ধরনের ব্যতিক্রমী কর্মসূচি শুধু পাথরঘাটায় নয়, দেশের অন্যান্য পৌরসভাতেও পরিবেশ রক্ষায় কার্যকর ভূমিকা রাখতে পারে।
