ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুরের ৩টি আসনের ৪১৮টি ভোটকেন্দ্রে নির্বাচনী সামগ্রী বিতরণ শুরু হয়েছে। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে এসব সামগ্রী কেন্দ্রগুলোতে পাঠানো হচ্ছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১২টা থেকে জেলা নির্বাচন কার্যালয় থেকে কেন্দ্রগুলোতে ব্যালট পেপার ও নির্বাচনী সামগ্রী বিতরণ শুরু হয়েছে।
পিরোজপুরের ৩টি আসনে ভোটার সংখ্যা ১০ লাখ ৪২ হাজার ৮২৭ জন। পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহম্মেদ সিদ্দিকী জানান, পিরোজপুরের ৭টি উপজেলার ৩টি সংসদীয় আসনের নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে নির্বাচনী এলাকায় নিরাপত্তা ব্যবস্থায় সবরকম প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে ১ হাজার ৬০০ জন পুলিশ, ৬৮ জন নৌ-পুলিশ, ৮০০ জন সেনা সদস্য, ৪৬৩ জন বিজিবি সদস্য দায়িত্ব পালন করবেন। পাশাপাশি ১১২ জন ব্যাটালিয়ন আনসার, ৬৫ জন র্যাব সদস্য, ৮০ জন কোস্ট গার্ড ও ৫ হাজার ৪৩৪ জন আনসার-ভিডিপি সদস্য থাকবেন। আইনশৃঙ্খলা তদারকি করতে পুলিশের ২৬৬টি বডি-ওর্ন ক্যামেরার মধ্যে ১৩৪টি অনলাইন ও ১৩২টি অফলাইন ক্যামেরা থাকবে।
তিনি আরও বলেন, জেলার ৪১৮টি ভোটকেন্দ্রের জন্য সেনা, র্যাব, বিজিবি, পুলিশের ৪২টি মোবাইল টিম ও স্ট্রাইকিং ফোর্স থাকবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সকল ইউনিট সমন্বিতভাবে কাজ করবে।
