More

    বরিশালে তেলের সংকট দেখিয়ে বাড়তি ভাড়া আদায়

    অবশ্যই পরুন

    বরিশাল নগরী ও জেলার বিভিন্ন এলাকায় তেল সংকটের অজুহাত দেখিয়ে যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। বাস, লঞ্চ ছাড়াও সব ধরনের যানবাহনে এই ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া গেছে। চলতি সপ্তাহে দেশব্যাপী তেলের সংকটের কারণে বরিশাল জেলা উপজেলাগুলোতে ইচ্ছেমাফিক ভাড়া আদায় করা হচ্ছে।

    এছাড়া তেলের অজুহাতে নিত্যপণ্য বেশি দামে বিক্রি হচ্ছে। জেলার বাকেরগঞ্জ উপজেলার বাসিন্দা আবুল হোসেন বলেন, যেখানে আগে পঁয়ত্রিশ টাকা ভাড়া দিয়ে বরিশালে আসতাম সেখানে গত তিন দিন ধরে জনপ্রতি দশ টাকা বেশি পয়তাল্লিশ টাকা ভাড়া নিচ্ছে বাস চালকরা।

    তেলের দাম না বাড়লেও সংকটের অজুহাতে বাড়তি ভাড়া নিচ্ছেন বাস মালিকরা। তবে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ অস্বীকার করেছেন বরিশাল জেলা বাস মালিক সমিতির সদস্যরা। সরেজমিন দেখা যায়, নগরীতে চলাচলকারী ছোট যানবাহন ও অভ্যন্তরীণ নৌরুটে বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে। সদর উপজেলার চরকাউয়া বাস টার্মিনাল থেকে আটটি রুটে চলাচলকারী বাসগুলো বাড়তি ভাড়া আদায় করছে। কেউ কোনো প্রতিবাদ করলে উলটো ঝামেলায় পড়তে হচ্ছে।

    সদর উপজেলার টুঙ্গিবাড়িয়া ইউনিয়নের বাসিন্দা মানিক হাওলাদার বলেন, তেল সংকটের কারণে থ্রি-হুইলারে দশ টাকা করে বাড়তি ভাড়া আদায় করছেন মাহেন্দ্রা চালকরা। শুধু থ্রি-হুইলার নয়, ট্রলারে লাহারহাট থেকে ভেদুরিয়া ও শ্রীপুর জনপ্রতি বিশ টাকা বাড়তি টাকা নিচ্ছেন চালকরা। বরিশাল নগরী থেকে কয়েকটি জেলা উপজেলায় চলাচলকারী স্পিডবোর্টে জনপ্রতি ৩০-৪০ টাকা করে ভাড়া বাড়িয়েছেন এসব চালকরা।

    কৃত্তিম সংকট দেখিয়ে যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। যাত্রীদের দাবি বরিশাল জেলা প্রশাসন বাড়তি ভাড়া আদায়ের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে অতিরিক্ত নেওয়া ভাড়া স্বাভাবিক হয়ে দাঁড়াবে। বরিশাল জেলা প্রসাশক খায়রুল আলম সুমন বলেন, রমজান মাস উপলক্ষ্যে আমাদের একাধিক ম্যাজিস্ট্রেট কাজ করছে। তারপর তেলের সংকট দেখিয়ে কেউ কোনো বাড়তি ভাড়া আদায় করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

    তিনি আরও বলেন, রমজান মাসে কোনো ব্যবসায়ী পণ্য মজুত করছে কিনা সেটি নিযেও কাজ করছে বরিশাল জেলা প্রশাসন। অভিযোগ রয়েছে, কিছু খুচরা বিক্রেতা বাজারে সরবরাহ কম থাকার কথা বলে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে ভোজ্যতেলসহ কয়েকটি নিত্যপণ্য বিক্রি করছে। ক্রেতারা জানান, কয়েকদিন ধরে বাজারে গিয়ে তারা আগের দামের চেয়ে বেশি দামে তেল কিনতে বাধ্য হচ্ছেন।

    অনেক দোকানি বলছেন সরবরাহ কম ও পাইকারি বাজারে দাম বেড়েছে, তাই বেশি দামে বিক্রি করতে হচ্ছে। এতে সাধারণ মানুষের ভোগান্তি বাড়ছে। নাম প্রকাশ না করার শর্তে নগরীর নতুন বাজার এলাকার একজন ক্রেতা বলেন, বাজারে তেলের কৃত্রিম সংকট তৈরি করে কিছু ব্যবসায়ী সুযোগ নিচ্ছেন। তারা প্রশাসনের নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন।

    এদিকে ভোক্তা অধিকার সংরক্ষণ বরিশাল জেলার উপপরিচালক অপূর্ব অধিকারী বলেন, কেউ যদি তেলের সংকট দেখিয়ে অতিরিক্ত দাম আদায় করেন, তবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বাজারে নিয়মিত অভিযান চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার কথাও জানিয়েছেন তিনি।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    কলাপাড়ায় গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা

    কলাপাড়া (পটুয়াখালী)  প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় ‘গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা...