বিশেষ প্রতিবেদক বরিশাল নগরীর ২৩ নং ওয়ার্ডের দরগাবাড়ি পুল এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দুজন অগ্নিদগ্ধ হয়ে আহত হওয়া ছাড়াও একটি বহুতল ভবনের নীচতলা ঝুকিপূর্ণ ভাবে ক্ষতিকর হয়েছে। এছাড়াও আশেপাশের ১ বর্গকিলোমিটার এলাকায় বিস্ফোরণের ধাক্কা লেগেছে বলে জানিয়েছেন এলাকাবাসী। ১৫ এপ্রিল ফজরের নামাজের সময় এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন তারা।
সরেজমিন অনুসন্ধানে দেখা গেছে, দরগাবাড়ি পুল ও মসজিদের উত্তরপাশে শাজাহান তালুকদার এর তিনতলা ভবনের নীচতলায় এই বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা শেষের ধ্বংসের চিহ্ন পরে আছে এবং সিআইডির ফরেনসিক বিভাগের কর্মকর্তারা তা পরীক্ষানিরীক্ষা করছেন। ঘটনাস্থলে রেব এর কর্মকর্তারা ছুটে এসেছেন। অর্থাৎ এটি কোনো স্বাভাবিক দূর্ঘটনা নয়, তা নিশ্চিত বলা যায়।
বেশিরভাগ এলাকাবাসী বলেন, ফজরের নামাজের সময় এই বিস্ফোরণ ঘটেছে। দরগাবাড়ি জামে মসজিদের মোয়াজ্জেম শরিয়ত বললেন, নামাজের মধ্যেই বিস্ফোরণের শব্দ পেয়েছি। সালাম ফিরিয়ে দ্রত ছুটে এসে মানিক ও তার ছেলেকে ঘরের ভিতর পাই।। তাদের শরীরে আগুন লেগেছিল তাই দ্রুত ধাক্কা দিয়ে খালে ফেলে দেই। পরে শের ই বাংলা মেডিকেলে পাঠিয়ে দেয়া হয়েছে বলে জানান তিনি। এসময় একজন বাসিন্দা বলেন, ফজরের সময় ১৩ নং ওয়ার্ড খান সড়কের কয়েকটি বাড়ি থেকেও হৈচৈ উঠেছে। খান সড়কের সৈয়দ মঞ্জিল ও চম্পা ভিলার বাসিন্দারা প্রচণ্ড শব্দে আৎকে উঠেছেন।
তারা ভেবেছেন, তাদের বাড়িঘরের দরজা ভাঙার চেষ্টা হচ্ছে। তবে একবারই শব্দটি হয়ে সবকিছু থমকে যায়। এরপর সকাল নটার পর তারা জানতে পারেন দরগাবাড়ি পুলে বিস্ফোরণ হয়েছে বলে জানান চম্পা ভিলার একজন বাসিন্দা । ঘটনাটি ঘটেছে ২৩ নং ওয়ার্ডের দরগাবাড়ি পুল এলাকায়। এখানে শাজাহান তালুকদার এর তিনতলা ভবনের নীচতলা পুরোপুরি বিধ্বস্ত বলা যায়। সরেজমিনে, বাড়িটির নীচতলার প্রায় সব লোহার দরজা জানালা ভেঙে, বেকিয়ে কিছু খালে পরেছে,কিছু দুমড়ে মুচড়ে দাঁড়িয়ে আছে। ভবনের গায়েও ফাটল দেখা গেছে। আধাঘন্টার মধ্যে ফায়ার সার্ভিসের লোক এসে আগুন নিভিয়ে যায়, তখন তারা দাবী করে গ্যাস সিলিন্ডার পাইপ লিক হয়ে এ ঘটনা ঘটতে পারে।
এলাকাবাসী তখন অক্ষত দুটি গ্যাস সিলিন্ডার পাশেই পরে থাকতে দেখে তা নিয়ে প্রশ্ন তোলেন। পরিস্থিতির জটিলতা বিবেচনায় ছুটে আসেন বরিশাল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুনুর রশীদ। তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছন। এটি কোনো সাধারণ দূর্ঘটনার মনে হয়নি তাই সিআইডির ফরেনসিক বিভাগের সহায়তা নেওয়া হচ্ছে। তারা তদন্ত করছেন বলে জানান তিনি।
ইতিমধ্যেই ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছেন রেব ৯ এর কর্মকর্তারা। তদন্ত শেষে বিস্তারিত জানা য়াবে বলে জানিয়েছেন তারা।
