More

    বানারীপাড়ায় জেলেকে হত্যার অভিযোগে স্ত্রী-ছেলে আটক

    অবশ্যই পরুন

    রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠী ইউনিয়নের নলশ্রী গ্রামে হাবিবুর রহমান মোল্লা (৫০) নামের এক জেলের রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শুক্রবার (১ মে) সকালে ঘটে যাওয়া এ ঘটনাকে ঘিরে স্থানীয়দের মাঝে ব্যাপক উত্তেজনা চলছে।

    স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিনের পারিবারিক কলহের জেরে হাবিবুর রহমান মোল্লাকে পরিকল্পিতভাবে নির্যাতন করে হত্যা করা হয়েছে। অভিযোগের তীর উঠেছে তার স্ত্রী সেলিনা বেগম ও ছেলে সাগরের বিরুদ্ধে। এলাকাবাসীর দাবি, রাতের আঁধারে তাকে মারধর ও নির্যাতন করে হত্যা করা হয়।

    গ্রামবাসীরা জানান, নিহতের নাক, মুখমন্ডল ও ঘাড় সহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত ও নির্যাতনের স্পষ্ট চিহ্ন দেখা গেছে। শুক্রবার  সকালে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে নলশ্রী গ্রামে শোকের পাশাপাশি ক্ষোভেরও সৃষ্টি হয়। ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় জমে যায়। খবর পেয়ে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান ঘটনাস্থলে ছুটে যান।

    পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতাল মর্গে পাঠিয়েছে।  এ ঘটনায় হাবিবুর রহমানের স্ত্রী ও ছেলেকে জিঙ্গাসাবাদের জন্য আটক এবং ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে পুলিশ। এ ঘটনায় এদিন দুপুরে বরিশাল জেলা সহকারি পুলিশ সুপার ( সার্কেল) সৌমেন সরকার বানারীপাড়া থানায় আসেন।

    বানারীপাড়া থানার ওসি মজিবুর রহমান বলেন, হাবিবুর রহমান মোল্লার মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তার মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং তার স্ত্রী ও ছেলেকে থানায় এনে জিঙ্গাসাবাদ করা হচ্ছে। এদিকে, এ ঘটনাকে কেন্দ্র করে পুরো এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বানারীপাড়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বিরোধীয় জমির ধান কেটে নেওয়ার অভিযোগ

    রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়া উপজেলার বিশারকান্দি ইউনিয়নের উমারের পাড় গ্রামে আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞা অমান্য করে বিরোধীয় জমির...