মোঃ জাহিদুল ইসলাম ( বরিশাল) সংবাদ দাতা : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিজয়ী হলে এলাকার উন্নয়নের নব দিগন্ত উন্মোচিত হবে বলে মত প্রকাশ করেছেন বরিশাল ৬( বাকেরগঞ্জ) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদে প্রার্থী বরিশাল দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খান। তিনি বলেন বাংলাদেশের একটি বৃহত্তম দল- হিসেবে বিএনপির রাষ্ট্র পরিচালনার পূর্ব অভিজ্ঞতা রয়েছে।
কিভাবে দেশের উন্নয়ন করতে হয় সে সম্পর্কে মৌলিক ধারণা রয়েছে, একমাত্র বিএনপি নির্বাচিত হলেই দেশের সার্বিক উন্নয়নের চিত্র পরিবর্তনের আশা করা যায়। ৪ জানুয়ারী বুধবার বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষ্যে উপস্থিত সাংবাদিকদের সাথে এক সাক্ষাৎকারে আবুল হোসেন খান বলেন, আমি যখন বাকেরগঞ্জে বিগত দিনে এমপি হিসেবে ছিলাম তখন বাকেরগঞ্জ সন্ত্রাস, মাদক মুক্ত ছিল। আপনাদের স্বপ্নের আগামী বাকেরগঞ্জ বিনির্মাণে ভবিষ্যতেও বিএনপি অগ্রগামী ভূমিকা পালন করবে। যে বাকেরগঞ্জে থাকবে না কোন হানাহানি সন্ত্রাস ও মাদকের ছোয়া।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন বিএনপি এবং এই বিএনপি’র ধারক ও বাহক জিয়াউর রহমানের আদর্শের সৈনিক তারেক রহমান। তার হাত ধরেই এগিয়ে যাবে আমাদের আগামী বাকেরগঞ্জ গড়ার রূপরেখা। তিনি বলেন, এখন সময় এসেছে বাকেরগঞ্জের প্রতিটি ভোটারের উন্নয়নের রুপরেখা বাস্তবায়ন করার। এবং সে উন্নয়নের রূপরেখার ধারক ও বাহক হতে আপনাদের দোর গোড়ায় কড়া নাড়ছে ১২ তারিখের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন।
এই নির্বাচনের মাধ্যমে আপনাদের নির্ধারণ করতে হবে যোগ্য দলের কাছে ভবিষ্যৎ উন্নয়নের চাবি দেওয়া। আবুল হোসেন খান বলেন দীর্ঘ ১৭ বছর আপনাদের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। দিনের ভোট রাতে দেওয়া হয়েছে, ২৪এর জুলাই এর ছাত্র -জনতার গণ-অভ্যুত্থানের মাধ্যমে বহু আত্মত্যাগের বিনিময়ে ভোটের অধিকার ফিরে এসেছে, এদেশ থেকে ফ্যাসিস্ট বিদায় নিয়েছে। দ্বিতীয়বার আর কোনো ফ্যাসিস্ট প্রেতাত্মা যাতে এদেশের উন্নয়নের চাবি নিতে না পারে সেদিকে আপনাদের নজর দিতে হবে।
