দীর্ঘ ৯ বছর পর উদ্বোধন হচ্ছে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রাঙামাটি নদীর ওপর নির্মিত বহুল প্রতীক্ষিত গোমা সেতু। মঙ্গলবার (১৭ মার্চ) দুপুর ২টায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম আনুষ্ঠানিকভাবে সেতুটির উদ্বোধন করবেন। এর মাধ্যমে ফেরি যুগের অবসান ঘটিয়ে বরিশালের সাথে পটুয়াখালীর দুমকী উপজেলার মধ্যে সরাসরি সড়ক যোগাযোগ ব্যবস্থা স্থাপন হবে।
এই সেতুর উদ্বোধন ঘিরে বাকেরগঞ্জ ও পটুয়াখালীর দুমকী উপজেলার মানুষের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। জানা গেছে, প্রায় ২৭ কিলোমিটার দীর্ঘ এই সড়কটি বরিশাল সদর, বাকেরগঞ্জ ও দুমকী উপজেলার মানুষের জন্য গুরুত্বপূর্ণ যোগাযোগ পথ। এতদিন এ পথে দুটি ফেরিঘাটের ওপর নির্ভর করে যাতায়াত করতে হতো।
সেতুটি চালু হলে একটি ফেরি পারাপারের প্রয়োজনীয়তা কমে যাবে এবং যাতায়াত ব্যবস্থা আরও দ্রুত ও সহজ হবে। সড়ক বিভাগ সূত্রে জানা গেছে, ২৮৩ দশমিক ১৮৮ মিটার দীর্ঘ গোমা সেতুটি পিসি গার্ডার ও স্টিল ট্রাস কাঠামোতে নির্মিত হয়েছে। সেতুর সঙ্গে প্রায় ১ দশমিক ৯০ কিলোমিটার অ্যাপ্রোচ সড়ক তৈরি করা হয়েছে। প্রকল্পের আওতায় ৬ দশমিক ৫১৮ হেক্টর জমি অধিগ্রহণ করা হয়। এ ছাড়া চারটি ৮ মিটার ও একটি ৬ মিটার আরসিসি বক্স-কালভার্ট নির্মাণ করা হয়েছে।
নদীর দুই তীরে প্রায় ১১ হাজার ৮৬০ বর্গমিটার এলাকায় নদী শাসনকাজ এবং ৩১ হাজার ৮৮৬ বর্গমিটার এলাকায় কংক্রিট স্লোপ প্রটেকশন করা হয়েছে, যাতে নদীভাঙন থেকে সেতু ও সড়ক সুরক্ষিত থাকে। ২০১৭ সালের ১৪ নভেম্বর বরিশালের লক্ষ্মীপাশা–দুমকী সড়কের ১৪তম কিলোমিটারে রাঙামাটি নদীর ওপর গোমা সেতু একনেক সভায় গোমা সেতু প্রকল্পটি অনুমোদন পায়।
শুরুতে প্রকল্পের ব্যয় ধরা হয়েছিল ৫৭ কোটি ৬২ লাখ ১৫ হাজার টাকা। কাজ শুরুর পর নদীর দুই প্রান্তে সেতুর নির্মাণ কাজ সম্পন্ন হলেও ভুল নকশার কারণে আটকে যায় নির্মাণ কাজ। সেতু নিচু হওয়ায় লঞ্চ চলাচল করতে পারছিল না। বছরের পর বছর নির্মাণ কাজ বন্ধ থাকায় সেতু বাস্তবায়নে আন্দোলন সংগ্রাম করতে হয় স্থানীয়দের। অবশেষে কারিগরি পরিবর্তন ও নৌযান চলাচলের সুবিধার্থে সেতুর উচ্চতা বাড়িয়ে সেতু নির্মাণ কাজ পুনরায় শুরু হয়।
পাশাপাশি প্রকল্প ব্যয় সংশোধন করে ৯২ কোটি ৪৪ লাখ ৮৯ হাজার টাকায় উন্নীত করা হয়। বরিশাল সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী নাজমুল ইসলাম বলেন, প্রকল্পের সব কাজ শেষ হয়েছে এবং উদ্বোধনের পরই সেতুটি যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হবে। ঈদের আগে সেতুটি উদ্বোধন হওয়ায় ঈদ যাত্রায় মানুষের মাঝে স্বস্তি ফিরবে।
বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের সংসদ সদস্য আবুল হোসেন খান বলেন, গোমা সেতু চালু হলে বাকেরগঞ্জ ও দুমকী উপজেলার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ দূর হবে। কৃষিপণ্য, মাছসহ বিভিন্ন পণ্য দ্রুত সময়ের মধ্যে বরিশালসহ দেশের বিভিন্ন স্থানে পরিবহন করা সম্ভব হবে। এতে স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে।
