কালকিনি-ডাসার (মাদারীপুর) প্রতিনিধি: মাদারীপুরের কালকিনিতে সৌদি আরবের সঙ্গে মিল রেখে উপজেলায় প্রায় ১০টি গ্রামে পবিত্র ঈদুল ফিতর উদ্যাপন করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলার সাহেবরামপুর, কয়ারিয়া ও সিডিখান ইউনিয়নের বিভিন্ন স্থানে মুসল্লিরা ঈদের নামাজ আদায় করেন। নামাজ শেষে তারা দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় দোয়া করেন।
জানা গেছে, প্রতিবছরের মতো এবারও এর অনুসারীরা ওই এলাকায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ পালন করেছেন। স্থানীয় কয়েকজন ভক্ত—আব্দুস সালাম, সেকান্দার, সবুজ ও আলী আকবর জানান, তারা দীর্ঘদিন ধরেই সৌদির সঙ্গে মিল রেখে দুই ঈদ উদ্যাপন করে আসছেন।
এ বিষয়ে ইমাম মাওলানা সৈয়দ মো. মকসুদ খান বলেন, “সুরেশ্বরের মুরিদরা অনুসারীদের নিয়ে ভিন্নভাবে ঈদ পালন করে আসছেন। আমরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদ্যাপন করি। এ নিয়ে আমাদের কোনো সমস্যা নেই।”
