More

    বরগুনা বরিশাল মহাসড়ক চার লেনের দাবি

    অবশ্যই পরুন

    দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ বরগুনা-বাকেরগঞ্জ-বরিশাল আঞ্চলিক মহাসড়কটি এখন ঝুঁকি ও দীর্ঘস্থায়ী ভোগান্তির প্রতীকে পরিণত হয়েছে। প্রায় ৫৫ কিলোমিটার দীর্ঘ এই সড়কে অন্তত ৫১টি ঝুঁকিপূর্ণ বাঁক থাকায় প্রতিনিয়ত বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা। সড়কটি আঞ্চলিক মহাসড়কে উন্নীত হলেও ১৮ ফুট প্রশস্ত সরু রাস্তার কারণে পরিবহন চলাচলে চরম বিঘ্ন ঘটছে।

    কুয়াকাটা-ঢাকা মহাসড়কের বাকেরগঞ্জ পয়েন্ট থেকে শুরু হওয়া এই সড়কটি বরগুনা, মির্জাগঞ্জ ও বাকেরগঞ্জের মানুষের প্রধান যোগাযোগ মাধ্যম। প্রতিদিন অন্তত ৩০০ যাত্রীবাহী বাসসহ অসংখ্য পণ্যবাহী যান এখানে চলাচল করে। পায়রা সেতুতে ওজন সীমা নির্ধারণ করে দেওয়ায় ৩০ টনের বেশি ভারী ট্রাকগুলো বিকল্প হিসেবে এই সরু সড়কটি ব্যবহার করছে।

    এতে সড়কের ব্রিজ ও কালভার্টগুলো মারাত্মক হুমকির মুখে পড়েছে। সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা গেছে, দেশে ২৮টি স্থানে ওজন মাপার স্কেল থাকলেও বরগুনায় কোনো ব্যবস্থা নেই। ফলে অতিরিক্ত বোঝাই যানবাহন নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। চালক সাইফুল ইসলাম জানান, বরগুনা থেকে বরিশাল যেতে ৫১টি বিপজ্জনক বাঁক পার হতে হয়, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

    জেলা নাগরিক অধিকার সংরক্ষণ কমিটির সভাপতি সাংবাদিক মনির হোসেন কামাল দ্রুত ওজন স্কেল স্থাপনের দাবি জানিয়েছেন। বরগুনা প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট সোহেল হাফিজ বলেন, দুর্বল যোগাযোগ ব্যবস্থার কারণেই বরগুনা উন্নয়নে পিছিয়ে।

    একটি প্রশস্ত ও নিরাপদ সড়ক এখন সময়ের দাবি। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সড়ক প্রশস্তকরণ ও বাঁক সরলীকরণের প্রকল্প প্রস্তাবনা প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া মহাসড়কটিকে চার লেনে উন্নীত করার লক্ষ্যে সমীক্ষা চলছে।

    দক্ষিণাঞ্চলের অর্থনীতি ও পর্যটনে গতি আনতে এই মহাসড়কের আধুনিকায়ন এখন গণদাবিতে পরিণত হয়েছে। দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে এই জনপদের যোগাযোগ ব্যবস্থা আরও ভেঙে পড়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    মঠবাড়িয়ায় বসতঘর গুড়িয়ে মালামাল লুটের অভিযোগে থানায় মামলা

     মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই দফা হামলার পর বসতঘর গুড়িয়ে দিয়ে স্বর্ণ, নগদ...