বাংলাদেশ কোস্ট গার্ডের ধাওয়া খেয়ে ভোলা থেকে পালিয়ে আসা একটি স্পিডবোট বরিশালে আটক করা হয়েছে। এ সময় বোট থেকে প্রায় ৩২০ কেজি জাটকা জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য ২ লাখ ২৪ হাজার টাকা। শনিবার (৪ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেন কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. মো. আবুল কাশেম।
কোস্টগার্ড জানায়, শুক্রবার দুপুরে “অভয়াশ্রম অভিযান-২০২৬” উপলক্ষে ভোলা সদর থানার ভেদুরিয়া ফেরিঘাট এলাকায় একটি বিশেষ অভিযান চালানো হয়। এ সময় একটি সন্দেহজনক স্পিডবোটকে থামার সংকেত দিলে তা অমান্য করে দ্রুত পালিয়ে যায়।
পরে বরিশাল কোস্টগার্ড স্টেশনের টহলদল ধাওয়া করে নগরের কীর্তনখোলা নদী সংলগ্ন পোর্টরোড মাছঘাট এলাকা থেকে বোটটি আটক করে। তবে বোটে থাকা চালক ও জাটকা পাচারের সঙ্গে জড়িত ব্যক্তিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। অভিযানের সময় বোটে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ জাটকা জব্দ করা হয়।
এ সময় কিছু স্থানীয় উৎসুক জনতা বাধা দেওয়ার চেষ্টা করলে কোস্টগার্ড তাদের ছত্রভঙ্গ করে। পরে জব্দকৃত জাটকাগুলো জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে স্থানীয় এতিমখানা ও দরিদ্রদের মাঝে বিতরণ করা হয়।
এ ঘটনায় পলাতক ব্যক্তিদের বিরুদ্ধে এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে বরিশাল কোতোয়ালি থানা-এ মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে কোস্টগার্ড।
