কালকিনি (মাদারীপুর)প্রতিনিধি: মাদারীপুরে কালকিনি উপজেলা জেলেদের জন্য বরাদ্দকৃত চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগের তীর চান মিয়া শিকদারের বিরুদ্ধে।
সোমবার দুপুরে উপজেলা সরকারি সমন্বয় অফিস-এর সামনে বিক্ষোভ সমাবেশ করেন চাল বঞ্চিত জেলেরা। বিক্ষোভে অংশ নেন চরদৌলত খান ইউনিয়ন-এর স্থানীয় কার্ডধারী জেলেরা।
অভিযোগ সূত্রে জানা গেছে, সরকারি নিয়ম অনুযায়ী জেলেদের জন্য বরাদ্দকৃত চাল প্রকৃত কার্ডধারীদের মধ্যে বিতরণের কথা থাকলেও, তা না করে চেয়ারম্যান তার নিজস্ব লোকজন ও স্বজনদের মধ্যে চাল বিতরণ করেছেন বলে অভিযোগ ওঠে। এতে বহু প্রকৃত জেলে চাল থেকে বঞ্চিত হন।
কার্ডধারী জেলে দেলোয়ার কবিরাজ, মাইনউদ্দীন সরদার, সামচুল হাওলাদার, সনিয়া, ইয়াসিন, রেজাউল কবীরাজ ও শহিদুল কবিরাজ ক্ষোভ প্রকাশ করে বলেন, তাদের কার্ড থাকা সত্ত্বেও চাল দেওয়া হয়নি। তারা চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও বঞ্চিত জেলেদের দ্রুত চাল দেওয়ার দাবি জানান।
অভিযোগ অস্বীকার করে চেয়ারম্যান চান মিয়া শিকদার বলেন, “চাল বিতরণে কোনো স্বজনপ্রীতি করা হয়নি, প্রকৃত জেলেরাই চাল পেয়েছে।”
এ বিষয়ে উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা প্রণব কুমার বলেন, কার্ডধারীরা চাল পাননি- এমন অভিযোগ তার জানা নেই।
