More

    সারাদেশে ৭ লাখ ৭১ হাজার ভোটার স্থানান্তর, বিএনপি বলছে অস্বাভাবিক

    অবশ্যই পরুন

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রবাসীদের পোস্টাল ব্যালট নিয়ে আলোচনা–সমালোচনার রেশ কাটতে না কাটতেই এবার ভোটার স্থানান্তর নিয়ে বিতর্ক শুরু হয়েছে। প্রধান রাজনৈতিক দল বিএনপি ‘অস্বাভাবিক হারে’ ভোটার স্থানান্তরের অভিযোগ তুলে নির্বাচন কমিশনে (ইসি) আনুষ্ঠানিকভাবে আপত্তি জানিয়েছে।

    তবে নির্বাচন কমিশন বলছে, এবার ভোটার স্থানান্তরের হার স্বাভাবিক রয়েছে। ঢাকা মহানগরীর কয়েকটি আসনসহ দেশের বিভিন্ন এলাকায় ভোটার স্থানান্তর নিয়ে অভিযোগ করে আসছিল বিএনপি। বিষয়টি খতিয়ে দেখতে দলটি ইসির কাছে অনুরোধ জানায়। গত ১ ফেব্রুয়ারি প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, বিভিন্ন এলাকায় অস্বাভাবিকভাবে ভোটার স্থানান্তর হয়েছে।

    তাঁর দাবি, ইসি থেকে জানানো হয়েছে কোনো আসনেই দুই–তিন হাজারের বেশি ভোটার স্থানান্তর হয়নি, তবে এই তথ্য নিয়ে দলটি সন্তুষ্ট নয়। তিনি বলেন, এমন হোল্ডিং নম্বরের তথ্য পাওয়া গেছে যেখানে পাঁচজন থাকার কথা, সেখানে ২০ থেকে ২৫ জন ভোটার তালিকাভুক্ত।

    এগুলো ভুয়া ভোটার বা ভোটার মাইগ্রেশনের অংশ হতে পারে। এর আগে গত ১৮ জানুয়ারি সিইসির সঙ্গে বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, একটি রাজনৈতিক দল তাদের প্রার্থীকে জেতাতে রাজধানী ঢাকায় বাইরের ভোটার স্থানান্তরের ‘কৌশল’ নিয়েছে। অন্যদিকে বিএনপির অভিযোগের জবাবে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন, জনগণের সমর্থনে ভীত হয়ে একটি দল এ ধরনের অভিযোগ করছে।

    সারাদেশে ভোটার স্থানান্তরের চিত্র জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের তথ্য অনুযায়ী, এবার সারাদেশে ভোটার স্থানান্তরের আবেদন পড়েছে প্রায় ৮ লাখ ৪ হাজারটি। এর মধ্যে স্থানান্তর সম্পন্ন হয়েছে ৭ লাখ ৭১ হাজার ভোটারের। ১০টি প্রশাসনিক অঞ্চলের মধ্যে সবচেয়ে বেশি ভোটার স্থানান্তর হয়েছে কুমিল্লা অঞ্চলে—১ লাখ ৫ হাজার ৫৪৩ জন। ঢাকা অঞ্চলে স্থানান্তর হয়েছে ৮৬ হাজার ৮২৫ জন, বরিশালে ৮৫ হাজার ৭২০ জন, খুলনায় ৮১ হাজার ৭২৫ জন এবং ময়মনসিংহে ৭৮ হাজার ৮০৫ জন।

    সবচেয়ে কম ভোটার স্থানান্তর হয়েছে সিলেট অঞ্চলে—২৭ হাজার ৫৭৬ জন। ঢাকা জেলার ২০টি আসনে মোট ভোটার স্থানান্তর হয়েছে ৫০ হাজার ৬৪৭ জন। এর মধ্যে ঢাকা-১ আসনে ৪ হাজার ৭৩২ জন এবং ঢাকা-১৮ আসনে ৪ হাজার ৭০ জন ভোটার স্থানান্তর হয়েছেন। ঢাকা-১৭ আসনে স্থানান্তর হয়েছেন ৩ হাজার ৬৬৪ জন এবং ঢাকা-১৫ আসনে ৩ হাজার ৫২০ জন ভোটার।

    গত চার বছরে মোট ভোটার স্থানান্তর হয়েছে ২১ লাখ ১৫ হাজার ৪৫৮ জন। এর মধ্যে ২০২৪ সালে ৩ লাখ ৭০ হাজার ৯১৭ জন, ২০২৩ সালে ৪ লাখ ৬১ হাজার ৫৫৯ জন এবং ২০২২ সালে—ভোটার হালনাগাদের বছরে—৭ লাখ ১৭ হাজার ২০৮ জন ভোটার স্থানান্তর হয়। ভোটার স্থানান্তর বিষয়ে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীর বলেন, ভোটার স্থানান্তর সারা বছরই হয়ে থাকে এবং সাধারণত উপজেলা বা থানা পর্যায় থেকে আবেদন করা হয়।

    তাঁর দাবি, এবার অস্বাভাবিক হারে ভোটার স্থানান্তরের কোনো ঘটনা নেই। বিএনপির অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, বিষয়টি কমিশনের সঙ্গে আলোচিত হয়েছে এবং সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যাখ্যা দেওয়া হবে।

    আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ১৫১ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ৫২৪ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ১২০ জন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশালে কাজ শেষে বাড়ি ফেরা হলো না কাঠমিস্ত্রির, প্রাণ গেল বজ্রপাতে

    বরিশালের মুলাদী উপজেলায় বজ্রপাতে জসিম ঘরামী (৪০) নামের এক কাঠমিস্ত্রি মারা গেছেন। আজ শুক্রবার (২০ মার্চ) বেলা আড়াইটার দিকে...