মহিবউল্লাহ কিরন, বরগুনা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরগুনার সংসদীয় ১ আসন (বরগুনা সদর, আমতলী, তালতলী) তে রাজনৈতিক উত্তাপ ক্রমশই বাড়ছে।প্রতিক পাওয়ার পর থেকেই নির্বাচনী প্রচারণায় তিন উপজেলার শহরের অলিগলি থেকে শুরু করে গ্রাম-গঞ্জ, হাটবাজার ও উপকূলীয় চরাঞ্চল সব খানেই প্রার্থী ও সমর্থকদের সরব উপস্থিতি লক্ষ করা যাচ্ছে।
তবে এই দৃশ্যমান তৎপরতার আড়ালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ সহ সাধারণ ভোটারদের আচরণে এক ধরনের নীরবতা স্পষ্ট। প্রকাশ্যে কথা কম হলেও ভোটাধিকার প্রয়োগের বিষয়ে আগ্রহ রয়েছে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা। তাদের মতে, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের এই নীরব ভোটারদের একটি বড় অংশ শেষ পর্যন্ত নির্বাচনের ফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
দীর্ঘদিন পর বরগুনায় তুলনামূলক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের আবহ তৈরি হওয়ায় রাজনৈতিক অঙ্গনে নতুন গতি সঞ্চার হয়েছে। ইসলামি আন্দোলন দলের সক্রিয় অংশগ্রহণে ভোটের সমীকরণ জটিল হলেও মাঠপর্যায়ের বাস্তবতায় বিএনপি এই আসনে তুলনামূলকভাবে সুবিধাজনক অবস্থানে রয়েছে বলে স্থানীয় রাজনৈতিক মহলে আলোচনা চলছে। এই আসনটিতে মোট প্রার্থী চারজন।
এর মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে ধানের শীষ প্রতীক নিয়ে মো. নজরুল ইসলাম মোল্লা নির্বাচনে অংশ নিচ্ছেন। ১১দলের (জোট) খেলাফত মজলিসের প্রার্থী মো. জাহাঙ্গীর হোসাইন দেয়াল ঘড়ি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের আলহাজ্ব মাহমুদুল হোসাইন অলি উল্লাহ হাতপাখা প্রতীক নিয়ে নির্বাচনী ময়দানে রয়েছেন।
এছাড়া, জাতীয় পার্টি-জেপি থেকে মো. জামাল হোসেন বাইসাইকেল প্রতীক নিয়ে অংশ নিচ্ছেন। এই আসনে মোট ভোটারের সংখ্যা ৫লক্ষ ১৯হাজার ৪৬০জন।এর মধ্যে পুরুষ ভোটার রয়েছে ২লক্ষ ৫৯হাজার ৯৮জন ও নারী ভোটার রয়েছে ২লক্ষ ৬০হাজার ৩৫১জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ১১জন। এবারের নির্বাচনে এই আসনে মূল প্রতিদ্বন্দ্বিতা গড়ে উঠেছে বিএনপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীর মধ্যে।
পাশাপাশি খেলাফত মজলিস ও জাতীয় পার্টির (জেপি) প্রার্থীদের মাঠ পর্যায়ে তেমন সক্রিয়তা নেই। এদিকে হাতপাখা ও ধানের শীষের কর্মীরা ভোট সংগ্রহে নারী পুরুষ সমন্বয়ে মাঠ চষে বেড়াচ্ছেন। শেষ পর্যায়ে আওয়ামী ভোটারের ভোট বিভাজনের সম্ভাবনা তৈরি হলেও এতে বিএনপির সম্ভাবনাই তুলনামূলকভাবে জোরালো হচ্ছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।
এই আসনে বিএনপি মনোনীত প্রার্থী মো. নজরুল ইসলাম মোল্লা দলীয় সাংগঠনিক শক্তি, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা এবং শক্তিশালী কর্মী-সমর্থকদের ওপর ভর করে ধারাবাহিক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। শহর ও গ্রাম-উভয় এলাকাতেই তার পক্ষে ইতিবাচক সাড়া মিলছে। বিশেষ করে জামায়াতে ইসলামীর প্রার্থীর প্রার্থিতা প্রত্যাহার করায় বিএনপির ভোটব্যাংক আরো সুসংহত হয়েছে বলে মনে করছেন স্থানীয় নেতাকর্মীরা। অপরদিকে, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাহমুদুল হোসাইন অলিউল্লাহ ধর্মভিত্তিক ভোটব্যাংক ও সাংগঠনিক শৃঙ্খলাকে শক্তি হিসেবে ব্যবহার করছেন।
তার পক্ষে একটি নির্দিষ্ট ভোটার গোষ্ঠীর সমর্থন থাকলেও সামগ্রিক ভোটের সমীকরণে বিএনপি এগিয়ে রয়েছে বলে ধারণা করা হচ্ছে। বরগুনা-১ আসনে উন্নয়ন, কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্যসেবা, যোগাযোগ ব্যবস্থা ও নদীভাঙন রোধ এসব ইস্যু ভোটারদের আলোচনার কেন্দ্র বিন্দুতে রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এসব ইস্যুতে বিএনপির প্রার্থীর গ্রহণযোগ্যতা তুলনামূলকভাবে বেশি।
