পটুয়াখালীর গলাচিপায় উপজেলা বিএনপির উদ্যোগে এক জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
দুপুর ১২টা ৩০ মিনিটে গলাচিপা উপজেলা বিএনপির নিজ কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির সদস্য সচিব আলতাফ খান অভিযোগ করে বলেন, পরাজিত স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের (ঘোড়া প্রতীক) সমর্থকরা বিএনপির ট্রাক প্রতীকের সমর্থকদের ওপর হামলা চালিয়েছে এবং পরিকল্পিতভাবে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে।
তিনি আরও জানান, এসব হামলার প্রেক্ষিতে উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেনের নেতৃত্বে পাঁচ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি হামলার ঘটনাগুলো তদন্ত ও পর্যবেক্ষণ করে পরবর্তী করণীয় নির্ধারণ করবে। একই সঙ্গে আহতদের চিকিৎসা ও আইনগত সহায়তার বিষয়েও ব্যবস্থা নেওয়া হবে।
আলতাফ খান বলেন, “নির্বাচন শেষ হয়েছে। এখন আমাদের মধ্যে কোনো মতভেদ নেই। আমরা সবাই তারেক রহমানের দল করি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের সৈনিক। কোনো ব্যক্তির দায় দল নেবে না।”
সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ইখতিয়ার রহমান কবির বলেন, নির্বাচনের পর ট্রাক মার্কাকে সমর্থন করার কারণে বিএনপির অসংখ্য নেতাকর্মীর ওপর হামলা চালানো হয়েছে। তিনি অভিযোগ করেন, চরবিশ্বাস ইউনিয়নে জাতীয়তাবাদী মহিলা দলের নেত্রী পারুল বেগম ও নবম শ্রেণির ছাত্রী তানজিলাকে বাকের বিশ্বাস, মামুন বিশ্বাস ও মহসিন বিশ্বাসের নেতৃত্বে মারাত্মকভাবে আহত করা হয়েছে। বর্তমানে তারা গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এছাড়াও তিনি বলেন, বিএনপির যেসব ব্যক্তির দলীয় কোনো পদ-পদবি বা সাংগঠনিক পরিচয় নেই, তারা নির্বাচনের সময় হরিদেবপুর বিএনপির পার্টি অফিস দখল করে প্রচারণা কেন্দ্র হিসেবে ব্যবহার করেন। এর প্রতিবাদ করায় হরিদেবপুর ইউনিয়নে শ্রমিক দলের নেতৃত্বে বিএনপি নেতা শাহজাহান সিকদারসহ একাধিক নেতাকর্মীর ওপর ঘোড়া মার্কার সমর্থকরা হামলা চালিয়ে গুরুতর আহত করে। এ ধরনের হামলার ঘটনা একাধিক স্থানে ঘটেছে বলেও দাবি করা হয়।
সংবাদ সম্মেলনে বিএনপি নেতারা অবিলম্বে এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
