আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়ায় সেতু ভেঙে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। শিক্ষার্থী ও লোকজনের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। ঘটনাটি উপজেলার বাগধা ইউনিয়নের আস্কর কালিবাড়ি নতুন হাট সংলগ্ন স্থানে। দুই বছর পূর্বে ওই সেতুর মাঝে ডেবে যাওয়ার পর ২০২৫ সালের ১ ডিসেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বণিক এর কাছে লিখিত ভাবে জানানোর পরেও কোন ব্যবস্থা নেওয়া হয়নি। ওই সেতুটি ডেবে যাওয়া মাঝের অংশ ৫ মে রাতে নছিমনসহ ভেঙে পরে যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার আস্কর কালিবাড়ি নতুন হাট সংলগ্ন উত্তরপাশের সেতুটি দিয়ে প্রতিদিন ৬টি গ্রামের হাজার হাজার লোকজনসহ শিক্ষার্থীরা চলাচল করছে। আয়রন সেতুটি ১০—১২ বছর পূর্বে নির্মাণ করা হয়েছিল। ৩—৪ বছর যাওয়ার পরেই সেতুটি মাঝের অংশ ডেবে যায়। তারপরেও শিক্ষার্থী ও লোকজন ঝুঁকি নিয়ে ওই সেতু দিয়ে চলাচল করছে। সম্প্রতি ওই সেতুটি বেশী ঝঁুকিপূর্ন হয়ে পরে। যার কারনে ৫ মে রাতে সেতুর উপর মালবোঝাই নছিমন উঠলে সেতুটির মাঝের অংশ ভেঙে যায়। এতে নছিমনের চালক পলাশ হালদার গুরুতর আহত হয়েছে। আস্কর হাট ব্যবসায়ী সমিতির সভাপতি গৌতম হালদার জানান, সপ্তাহে দুইদিন বাজারে হাট বসে।
দ্রুত সেতুটি সংস্কার না করায় দূরদূরান্তের কোন ব্যবসায়ী মালামাল নিয়ে হাটে আসতে পারবেনা। পাশাপাশি দূরের জমির ইরি—বোরো ধান কৃষকদের বাড়িতে নেওয়া সম্ভব হচ্ছেনা। আশপাশের ৬—৮টি গ্রামের ১০ হাজার লোক এবং স্কুল—কলেজ—মাদ্রাসার শিক্ষার্থীদের চলাচল ব্যাহত হচ্ছে। লোকজন যাতায়াত করতে না পারলে এই হাটটি অচিরেই ধ্বংস হয়ে যাবে। এবিষয়ে বাগধা ইউপি’র ৮নং ওয়ার্ডের মেম্বার প্রদীপ বাড়ৈ বলেন, আমাদের ইউনিয়ন পরিষদ থেকে চেয়ারম্যানের মাধ্যমে ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা প্রকৌশলীকে অবগত করেছি।
তারা দ্রুত ব্যবস্থা নেয়ার আশ^াস দিয়েছেন। এবিষয়ে উপজেলা প্রকৌশলী রবীন্দ্রনাথ চক্রবর্তীর বলেন, আস্কর হাটের ওই সেতুর বর্তমান অবস্থা সম্পর্কে শুনেছি। সরেজমিনে পরিদর্শন করে সংস্কার করার জন্য ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে লিখিতভাবে জানানো হবে।
এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিখন বণিক বলেন, বিষয়টি আমি শুনেছি এবং উপজেলা প্রকৌশলীকে সরেজমিনে পরিদর্শন করে ব্যবস্থা গ্রহণের জন্য বলেছি।
